বিনোদন ডেস্ক: বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র ‘নিশি’ এবার দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।
বিশ্বের শীর্ষ পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে বিবেচিত এই আয়োজনটি মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব। আগামী ১ থেকে ৩ আগস্ট দেশটির জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে এ উৎসব অনুষ্ঠিত হবে।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও গল্পে নির্মিত ‘নিশি’ যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। আন্তর্জাতিক একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায় তৈরি হয়েছে।
চলচ্চিত্রটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, নিশির এই আন্তর্জাতিক যাত্রা সত্যিই দারুণ। সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারছি। পাশাপাশি তাদের কাছ থেকেও শিখতে পারছি, যা আমাদের চলচ্চিত্র যাত্রাকে আরও সমৃদ্ধ করছে। আইএএফএম-এর প্রতি কৃতজ্ঞতা, আমার ওপর আস্থা রাখার জন্য।
‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিক পরিবারের কন্যার শিক্ষাজীবন পানির সংকটের কারণে বন্ধ হয়ে যায়। বাড়িতে টিউবওয়েল স্থাপনের প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় এক কাঠ ব্যবসায়ী। এ ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে চলচ্চিত্রটির কাহিনি।
চলচ্চিত্রটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং। এতে অভিনয় করেছেন স্থানীয় চা-শ্রমিকদের সন্তানসহ বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।