| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ভুয়া

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ০৯:১৩:২৯:পূর্বাহ্ন  |  ১৫৯৪ বার পঠিত
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ভুয়া

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তবে তার মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।

গণমাধ্যমকে তিনি বলেন, সত্যি না, তিনি ঠিক আছেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর তার কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে শারীরিক অবস্থার বিষয়ে ইতিবাচক বার্তা দেন এই অভিনেত্রী। তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

ফেসবুকে তানিয়া বৃষ্টি লেখেন, আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার প্রত্যাশার কথাও জানান তিনি। এক পোস্টে লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব, ইনশা আল্লাহ।

অসুস্থতার কারণে বর্তমানে শুটিং থেকে দূরে থাকলেও চলতি ঈদে প্রচারিত হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এসব নাটকের কাজ শেষ করেছিলেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪