বিনোদন ডেস্ক: কয়েক দিন ধরেই দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে শোনা যাচ্ছিল মা হওয়ার গুঞ্জন। সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবর জানালেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন এবং এ কারণেই অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ছবির সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা বলেন, সবার কাছে ক্ষমা চাইছি, আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। এরপর আবারও কাজে ফিরব। এখন আমার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময়। এই নতুন অধ্যায় নিয়ে আমি ভীষণ আনন্দিত।
গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় এই সুখবর জানিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন তিনি।
এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবন ছিল সামান্থার। ২০১৭ সালে তাদের বিয়ে হলেও ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। সেই সময় ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী এবং কিছুদিন অভিনয় থেকেও দূরে ছিলেন।
পরে নির্মাতা জুটি রাজ ও ডিকের জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’এ অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় ফেরেন সামান্থা। ওই কাজের সূত্র ধরেই রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমে রূপ নেয়। সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পায়।
রিপোর্টার্স২৪/ঝুম