ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের অযোধ্যায় রামমন্দিরের দান ও অনুদান ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দিরের অনুদানের অর্থে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে মন্দিরের এক কর্মী, অর্থ গণনার কাজে যুক্ত কয়েকজন ব্যক্তি এবং সংশ্লিষ্ট অন্য কর্মীরাও রয়েছেন।
ঘটনার তদন্তে এর আগে একটি বিশেষ তদন্ত দল প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। এরপর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা নথিভুক্ত করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে রামশঙ্কর যাদব ওরফে টিন্নুর নাম রয়েছে। তিনি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। এছাড়া আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের নাম নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে।
পুলিশ জানিয়েছে, অনুদান ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
রিপোর্টার্স২৪/ধ্রুব