বিনোদন ডেস্ক: টালিউড তথা বাংলা টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ নীল ভট্টাচার্য ও তৃণা সাহাকে ঘিরে গত কয়েক মাস ধরেই দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের গুঞ্জন চলছে। বিশেষ করে জুন মাসের শুরুতে নীলের জন্মদিনে তৃণার অনুপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো এবং একাধিক রহস্যময় পোস্ট শেয়ার করায় সেই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে।
এছাড়া, নীল ও তৃণা বর্তমানে একসঙ্গে বসবাস করছেন না এমন তথ্যও টালিপাড়ায় বেশ আলোচিত। ফলে তাদের সম্পর্ক ভেঙে গেছে বলেই অনেকের ধারণা তৈরি হয়।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ‘পরশুরাম’ ধারাবাহিকের ‘তটিনী’খ্যাত অভিনেত্রী তৃণা সাহা।
নীল ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডিভোর্সের গুঞ্জন প্রসঙ্গে তৃণা বলেন, তিনি বর্তমানে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত। ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিবাহিত হওয়াটা আমার জীবনের একটি অংশ মাত্র। এটা আমার পুরো জীবন বা আমার সমগ্র অস্তিত্ব নয়।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট করে দিয়ে তৃণা জানান, তার এবং নীল ভট্টাচার্যের ডিভোর্স হয়নি। তারা এখনও আইনগতভাবে স্বামী-স্ত্রী।
চলতি মাসের ৮ জুন ছিল নীল ভট্টাচার্যের জন্মদিন। সেদিন তার পার্টিতে তৃণাকে দেখা যায়নি। নীল যখন বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন তৃণা সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন, যা নিয়ে নতুন করে শুরু হয় বিচ্ছেদের আলোচনা।
তবে এ বিষয়ে তৃণার বক্তব্য, তিনি নীলকে ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর পার্টিতে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “নীলের খুশিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও যেভাবে উদযাপন করতে চেয়েছে, সেভাবেই করেছে।”
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেও তৃণা জানান, তিনি কারও প্রতি ক্ষোভ পুষে রাখা বা প্রতিশোধ নেওয়ার মানসিকতায় বিশ্বাসী নন। তার ভাষায়, কেউ যদি তাকে কষ্ট দেয় বা খারাপ ব্যবহার করে, তাহলে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সময় ও শক্তি নষ্ট করার কোনো প্রয়োজন তিনি মনে করেন না।
সূত্র: হিন্দুস্থান টাইমস
রিপোর্টার্স২৪/ঝুম