| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ২৩:২১:১৫:অপরাহ্ন  |  ৫৪৩৩ বার পঠিত
গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিশ্বসংগীতের পপসম্রাজ্ঞী টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসি অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুই তারকার বহুল প্রতীক্ষিত জমকালো উদযাপনের প্রস্তুতি চলার মাঝেই খবর এসেছে, তারা ইতিমধ্যে অত্যন্ত গোপনে আইনিভাবে বিয়ে সেরে নিয়েছেন।

নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৬ বছর বয়সী এই তারকাযুগল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালোবাসার মানুষদের নিয়ে গড়া একটি ‘ছোট দলের’ উপস্থিতিতে বিয়ের শপথ বিনিময় করেছেন। বিয়েটি ঠিক কবে বা কোথায় হয়েছে তা নিশ্চিত না করা হলেও জানা গেছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি নাশভিলে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছে, যেখানে এই গায়িকা তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে বসবাস করতেন।

যদিও টেইলর সুইফটের মুখপাত্রের পক্ষ থেকে এই খবরের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি, তবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনজুড়ে এখন সাজসাজ রব। আজ শুক্রবার এক হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে বসবে মূল রাজকীয় আসর। এই মহা-আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভেন্যুর চারপাশে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ, বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের বেশ কিছু রাস্তা ও পথচারী পারাপারের পথ।

ইতিমধ্যেই কালো কাচে ঢাকা বিলাসবহুল গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হতে দেখা গেছে অভিনেতা ব্র্যাডলি কুপার, লেনা ডানহাম, স্পোর্টসকাস্টার এরিন অ্যান্ড্রুজ এবং বিখ্যাত মিউজিক প্রডিউসার জ্যাক অ্যান্টনফের মতো একঝাঁক বিশ্বখ্যাত তারকাকে। এ ছাড়া সুইফটের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন এবং গিগি হাদিদদের মতো তারকাদেরও এই বিয়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।

আমেরিকার বিনোদন ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এবং ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে আখ্যা পাওয়া এই বিয়েকে ঘিরে নিউইয়র্ক শহর এখন উৎসবে মাতোয়ারা। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস এবং চলতি ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচের উত্তেজনার মাঝেই টেইলর সুইফটের বিয়ের আয়োজন শহরটিকে আরও জমজমাট করে তুলেছে। এদিকে এই মহোৎসবের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিউইয়র্কসহ বিভিন্ন দাতব্য সংস্থায় কেলসি এবং সুইফট দম্পতি যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে গায়িকার প্রচার দল নিশ্চিত করেছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত গরমের সতর্কতা জারি করার পাশাপাশি এই তারকা জুটির ইনডোর বিয়ের উদাহরণ টেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। গত বছরের আগস্টে বাগদানের পর থেকেই এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মাঝে যে টানটান উন্মাদনা ছিল, এই গোপন বিয়ের খবরের মধ্য দিয়ে তা যেন পূর্ণতা পেল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪