স্টাফ রিপোর্টার: নাচ ও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অনুভূতি ও সমসাময়িক বিষয় নিয়ে মত প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার মানুষের আচরণ, বিশ্বাস ও বিশ্বস্ততা নিয়ে দেওয়া তার একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চাঁদনী লিখেছেন, ‘মানুষ শিয়ালের সাথে থাকে না, তারপরও চালাকি শিখে গেছে...। মানুষ সাপের সাথে থাকে না, তারপরও ছোবল দিতে শিখে গেছে...। মানুষ বাঘের সাথে থাকে না, তারপরও আক্রমণ করা শিখে গেছে...। কিন্তু মানুষ কুকুরের সাথে থেকেও বিশ্বস্ততা শিখতে পারল না...।’
চাঁদনীর স্ট্যাটাসটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। কেন বা কার উদ্দেশ্যে এই পোস্ট চাঁদনীর? সেই রহস্যের জবাব মেলেনি।
অনেকেই এটিকে বর্তমান সমাজের প্রতি অভিনেত্রীর হতাশা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছেন তিনি। তবে, চাঁদনী তার পোস্টে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে, এই বক্তব্য ঠিক কাকে বা কোন পরিস্থিতি কেন্দ্র করে দেওয়া, তা স্পষ্ট নয়।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ ও দার্শনিক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবারও তার সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ স্ট্যাটাসটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, গত ২জুন অভিনেত্রী চাঁদনীর বাসায় একটি চুরির ঘটনা ঘটে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাকে নিয়ে দীর্ঘ সময় ধরেই বসবাস করছেন যেই বাসায়, সেখানেই চুরির বিষয়টি নজরে আসে চাঁদনীর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, এই চুরির সঙ্গে বাসার গৃহকর্মী ১৩ বছরের মেয়ে জড়িত। ধারণা করা হচ্ছে, তারপর থেকেই মূলত মানুষের বিশ্বাস নিয়ে সংশয়ে রয়েছেন এই অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ধ্রুব