রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ক্যারিয়ারে দর্শকের কাছে রোমান্টিক ও ‘মিষ্টি’ নায়িকা হিসেবেই পরিচিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তাঁকে বেশিরভাগ সময়ই ইতিবাচক ও কোমল চরিত্রে দেখা গেছে। তবে এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, তিনি খলনায়িকা বা ভিলেন ধরনের চরিত্রে অভিনয় করতে চান।
পূর্ণিমা বলেন, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।”
তাঁর ধারণা, কোমল চেহারার কারণেই নির্মাতারা কখনো তাঁকে নেতিবাচক চরিত্রে কল্পনা করেননি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক মানাবে না। দর্শক আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকেই দেখতে অভ্যস্ত। তবে এবার এর সম্পূর্ণ বিপরীত একটি চরিত্রে কাজ করতে পারলে খুব ভালো লাগবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ প্রায় তিন বছর আগে তাঁকে দুটি ওটিটি কনটেন্টে দেখা যায়। এরপর মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনায় অংশ নিয়েছেন ‘মনের মাঝে তুমি’খ্যাত এই অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম