| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের মূল লক্ষ্য : ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ২০:৩৫:০২:অপরাহ্ন  |  ১৫৪৩১১৭ বার পঠিত
দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের মূল লক্ষ্য : ডা. শফিকুর রহমান
ছবির ক্যাপশন: রাজধানীর কাফরুলে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে। ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্ত-মানবতার কল্যাণ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর কাফরুলে জামায়াতে ইসলামীর কাফরুল থানা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এ ছাড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, আলাউদ্দিন ও তুহিন রেজা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এ বিপ্লব ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের ফল, তবে তা এসেছে চরম ত্যাগের বিনিময়ে। প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, বহু মানুষ আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন।’

তিনি জানান, জামায়াতে ইসলামী শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে, এমনকি কিছু এতিম শিশুর ভরণ-পোষণের দায়িত্বও নিয়েছে দলটি। তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। তাই তাঁদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে।’

ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমরা এমন এক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি, যা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে গড়া। যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে আইন ও ন্যায়বিচারের শাসন।’

তিনি বলেন, ‘রাসূল (সা.)-এর সময়ে ইনসাফের এমন এক উদাহরণ সৃষ্টি হয়েছিল যে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত নারীরা সম্পূর্ণ নিরাপদে চলাচল করতে পারতেন। আমরা এমনই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহর আইনই নির্ভুল। মানুষের তৈরি আইন দিয়ে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐচ্ছিক নয়; এটি প্রত্যেক মোমিনের ওপর ফরজ। ইসলামকে আমরা কেবল একটি ধর্ম নয়, বরং জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। কুরআনই আমাদের পথপ্রদর্শক।’ সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিই এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে একযোগে কাজ করি।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪