সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে হাসিনার মতো আর কোনো ফ্যাসিবাদ তেরি হবে না।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা পার্ক এলাকায় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা হাসিনার মতো একক ক্ষমতাধর হতে চায় তারাই গণভোটের রায় মেনে নিচ্ছে না। কারণ গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে তারা কখনো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, পারবে না। ক্ষমতাসীন দলের দুর্নীতি, চাঁদাবাজির কারণে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ উন্নত দেশ হচ্ছে না।
এসময় তিনি আরও বলেন, কেবলমাত্র সরকারের স্বদিচ্ছার অভাবে আর দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে মানুষ দারিদ্রতার হাত থেকে মুক্তি পাচ্ছে না।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে ফলজ, বনজ এবং ঔষধী গাছ বিতরণ করেন।
রিপোর্টার্স২৪/এআইএম/ধ্রুব