| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে বিয়ে দিতে চান, না চান না: পরীমনি

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ২১:৩৫:৫৭:অপরাহ্ন  |  ১১৮৪ বার পঠিত
আমাকে বিয়ে দিতে চান, না চান না: পরীমনি

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলেও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ‘বিয়ে’ নিয়ে তৈরি হওয়া উন্মাদনা যেন কিছুতেই কমছে না। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন-খেলার মাঠে প্রিয় দলের ফাইনাল নিশ্চিতের পর পরীমনির এমন এক মজার ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ে সেই বিয়ের সম্ভাবনা আপাতত ভেস্তে গেছে। হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে ‘বিয়েটা আর করতে হলো না’ বললেও, বুধবার রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই বিয়ে প্রসঙ্গেই খোলামেলা ও মজার কথা বলেছেন পরীমনি।

এদিন তিনি মজা করে সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার প্রশ্নে হাসির রোল পড়ে যায়। পরে পরী মজা করে আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’ পরে তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’

পরে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর্জেন্টিনার হারের পর কী করেছেন? তখন পরী আবার মজা করে বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’

বিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

চিত্রনায়িকা পরীমনির বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুক পোস্ট আলোচনায় আসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে। তখন তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

এদিকে বুধবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আলোচিত মামলায় জেলে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পরী বলেন, ‘এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪