| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিখিত সংবিধান চান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১১:০১:৫১:পূর্বাহ্ন  |  ১৪৯০ বার পঠিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিখিত সংবিধান চান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির জন্য একটি লিখিত সংবিধান প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্বের অধিকাংশ দেশের মতো যুক্তরাজ্যে এখনো একক কোনো লিখিত সংবিধান নেই; দেশটি বিভিন্ন আইন, কমন ল’-ভিত্তিক আদালতের রায় এবং আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে পরিচালিত হয়।

দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই বার্নহ্যাম তার সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে সামনে এনেছেন। সপ্তাহান্তে নিজের বিকেন্দ্রীকরণ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত যুক্তরাজ্যকে একটি নতুন সাংবিধানিক কাঠামোর দিকে নিয়ে যাবে। তার মতে, দেশ পরিচালনার জন্য একটি স্পষ্ট ও আধুনিক নীতিমালা প্রয়োজন, যা লিখিত সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।

বার্নহ্যাম বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত থাকার মতো মৌলিক বিষয়গুলো নিয়েও এখন বিতর্ক করতে হচ্ছে। তার দাবি, লিখিত সংবিধানের অভাবে দেশের বিভিন্ন অঞ্চল কার্যকর ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে।

লিখিত সংবিধানের ধারণা যুক্তরাজ্যে নতুন নয়। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা লেবার পার্টির গর্ডন ব্রাউন এ ধরনের সাংবিধানিক সংস্কারের অন্যতম প্রবক্তা ছিলেন। সে সময় বার্নহ্যামও ব্রাউনের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।

২০১৫ সালে পাঁচ বছরব্যাপী এক পার্লামেন্টারি পর্যালোচনায় লিখিত সংবিধান প্রণয়নের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে জাতীয় পর্যায়ে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। ফলে বার্নহ্যাম এ উদ্যোগ বাস্তবায়ন করতে চাইলে তা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হবে এবং ব্যাপক জনপরামর্শ ও তদন্তের প্রয়োজন হতে পারে।

এরই মধ্যে গত শুক্রবার বার্নহ্যাম ঘোষণা দিয়েছেন, ইংল্যান্ডের আঞ্চলিক মেয়রদের নিজ নিজ এলাকায় আদায়কৃত করের একটি অংশ সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এটি লন্ডনকেন্দ্রিক শাসনব্যবস্থা থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যে ১৯৯০-এর দশকের শেষ দিকে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে পৃথক আইনসভা প্রতিষ্ঠিত হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের পরও ইংল্যান্ড এখনো ইউরোপের সবচেয়ে কেন্দ্রীভূত শাসনব্যবস্থাগুলোর একটি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪