| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি আইনুলের গাড়িতে জামায়াত-এনসিপির হামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২২:২৩:২৯:অপরাহ্ন  |  ৫৯২১ বার পঠিত
এমপি আইনুলের গাড়িতে জামায়াত-এনসিপির হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এমপির গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এমপি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার সময় সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে অবস্থান করা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন, একজন এমপির গাড়িতে জামায়াত-শিবির, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা করেছেন। এমপি নিরাপদে আছেন।

স্থানীয় সূত্র জানায়, রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। মতবিনিময় শেষে গাড়িতে করে চলে যাওয়ার সময় কয়েকজন তার গাড়ি ঘিরে রাখেন। একপর্যায়ে গাড়ি চলে আসার সময় পেছনে ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করা হয়।

বিষয়টি জানতে এমপি ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে কল দিলে রিসিভ করেন তার ভাতিজা মাহমুদুল হাসান ফারুক। তিনি বলেন, শনিবার বিকেলে ধানগড়া বাজারে আটচালার মধ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফিরে আসছিলেন। এর মধ্যে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করা শুরু করে। গাড়ির পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলেছে। পাথর দিয়ে অনেক ঢিল মেরেছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এ অবস্থায় আমরা এমপি মহোদয়কে উদ্ধার করে চান্দাইকোনার দিয়ে নিয়ে আসি।

এ বিষয়ে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো হামলার ঘটনাই ঘটেনি। এমপি আইনুল হক একটা সিনক্রিয়েট করছেন। গাড়ির গ্লাস কীভাবে ভাঙল, সেটা তারাই বলতে পারবেন।

তিনি আরও বলেন, ‘টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আইনুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাইছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন, যারা বিএনপি করে, তারাও এটা মেনে নিতে পারেনি। সেই জন্য আজকে একটি মতবিনিময় সভা করতে এসেছেন, কিন্তু কেউ তার কথায় মত দেয়নি। পরে এমপি আইনুল হক যাওয়ার সময় লোকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন।’

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, একটি মিটিং শেষে ফেরার পথে আইনুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪