| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ময়লার স্তূপের পাশে বসে মধ্যাহ্নভোজ, প্রতিবাদে উই আর ভলান্টিয়ার্স

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ২৩:২৯:১৪:অপরাহ্ন  |  ১১২ বার পঠিত
নারায়ণগঞ্জে ময়লার স্তূপের পাশে বসে মধ্যাহ্নভোজ, প্রতিবাদে উই আর ভলান্টিয়ার্স

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ময়লার স্তূপের পাশে বসেই দুপুরের খাবার খেলেন স্বেচ্ছাসেবীরা। তাদের সামনে পড়ে আছে প্লাস্টিক ও পচনশীল বর্জ্যের স্তূপ, এর মধ্যে রয়েছে একটি মৃত কুকুরও। এমন পরিবেশে বসে মধ্যাহ্নভোজের মাধ্যমে ময়লা অপসারণে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’,এর সদস্যরা।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের মাসদাইর এলাকায় এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, জনবহুল এলাকায় দিনের পর দিন ময়লার স্তূপ পড়ে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

এদিকে ময়লার স্তূপের পাশেই রয়েছে নগরীর ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। এর বিপরীত পাশে রয়েছে রাবেয়া জেনারেল হাসপাতাল। শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কাছাকাছি এমন পরিবেশে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন।

কর্মসূচিতে সংগঠনটির ব্যানারে লেখা ছিল, ‘যেখানে দৃশ্যমান সমস্যার সমাধান হয় না, তাহলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসক, প্রশাসন, জনপ্রতিনিধিরা?’ সম্মিলিত প্রচেষ্টায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ, শক্তিশালী বাংলাদেশ’ গড়ার আহ্বানও জানানো হয়।

প্রতিবাদে অংশ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবসায়ী নেতা আহমেদুর রহমান তনু বলেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এভাবে ময়লার স্তূপ পড়ে থাকলেও সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রতিদিন শিশু ও সাধারণ মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। ডেঙ্গুর প্রকোপও এখনো কমেনি।

তিনি বলেন, নগরের বিভিন্ন স্থানে স্কুল ও মার্কেটের সামনে ময়লা পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তা পরিষ্কারের উদ্যোগ চোখে পড়ে না। পরিবেশগত সমস্যাগুলোর দ্রুত সমাধান করে নগরবাসীর জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা ইতিমধ্যে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে দ্রুত সমস্যাটির সমাধান করা হয়।

তিনি আরও বলেন, শুধু ময়লা-আবর্জনা অপসারণ করলেই হবে না, নগরবাসীর সচেতনতাও বাড়াতে হবে। সকলের উদ্যোগেই একটি পরিকল্পিত নগর গড়া সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪