কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগষ্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (১৮ আগষ্ট) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত থাকাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে। প্রধান শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই তাকে থাপ্পড় মারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির বলেন,পুনট ইউপির সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকিরকে অভিভাবক সমাবেশে দাওয়াত করেছি বলে যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয় মিথ্যা কথা।কারণ
অভিভাবক সমাবেশে আমি শুধু প্রতিষ্ঠানের সভাপতিকে দাওয়াত করেছি।অন্য কাউকে দাওয়াত করিনি। অভিভাবক সমাবেশে হঠাৎ করে সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকির আসেন। কেউ অনুষ্ঠানে হঠাৎ করে আসলে আমি তো আর তাকে বের করে দিতে পারিনা। পরে তিনি ১-২ মিনিট কথা বলেন। এই ঘটনার প্রেক্ষিতেই আজ বুধবার সকাল প্রায় ১১ টার দিকে ইয়াকুব আলী ফকিরের ছেলে ইয়াসীন আলী আমার অফিস কক্ষে ১০ থেকে ১২ জনের একটি দল নিয়ে হঠাৎ প্রবেশ করে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে থাপ্পড় মারে।
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম