| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরের চার খুনে দ্রুত গ্রেপ্তার না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৪:৫০:০৪:অপরাহ্ন  |  ৪৫ বার পঠিত
রংপুরের চার খুনে দ্রুত গ্রেপ্তার না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রংপুরে সাবেক এক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা দেশের মানুষকে গভীরভাবে কাঁদিয়েছে। এমন একটি ঘটনায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি ছিল। সময়মতো অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক প্রশ্ন তৈরি হতে পারত এবং এতে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল।

তিনি বলেন, শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হবে না। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেসব বিষয়ও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। ঘটনার মূল কারণ চিহ্নিত করে তা নির্মূল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, দেশে আইনের শাসন আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে। কেউ অপরাধ করলে তাকে কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা থেকে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের কোথাও কোনো ধরনের মাদকের বিস্তার থাকা উচিত নয়। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মাদক কারবারীরা যেন কোনো ধরনের সুযোগ বা ছাড় না পায় এটাই দেশের মানুষের প্রত্যাশা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন রিজভী।

তিনি বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণ করা গেলে মানুষের জীবনে সফলতা অর্জন সম্ভব। তার আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ এবং তৃণমূল পর্যায়ের মানুষের সামনে জবাবদিহি করছেন। জনগণের কাছে জবাবদিহিতা থাকলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বাড়ে এবং মানুষের আস্থা আরও শক্তিশালী হয় বলেও তিনি মন্তব্য করেন। দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪