স্টাফ রিপোর্টার: দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘উপশম প্লাস (Upasham Plus)’ নামে একটি স্মার্ট টেলিমেডিসিন ডায়াগনস্টিক উদ্যোগ চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও উন্নতমানের রোগ নির্ণয় সেবা পাবেন।
উদ্যোগটির প্রতিষ্ঠাতা ড. মারুফ হোসেন, যিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস থেকে পিএইচডি ডিগ্রিধারী একজন জ্যেষ্ঠ গবেষণা বিজ্ঞানী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় সেমিকন্ডাক্টর গবেষণা ও টেলিযোগাযোগ খাতে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপশম প্লাসের আওতায় যুক্তরাষ্ট্রের মানসম্মত অল-ইন-ওয়ান স্মার্ট টেলিমেডিসিন ডায়াগনস্টিক কিট দেশের বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে। এসব কিটের মাধ্যমে ডিজিটাল স্টেথোস্কোপে হৃদযন্ত্র ও ফুসফুসের শব্দ, হাই-ডেফিনিশন ওটোস্কোপ ও ডার্মাটোস্কোপের ছবি, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO₂), শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো যাবে।
এতে আরো বলা হয়, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় ফার্মেসি ও মোবাইল ক্লিনিকে এ কার্যক্রম চালু করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এর পরিসর বাড়ানো হবে। এ উদ্যোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত চিকিৎসক, প্রকৌশলী দল এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদাররা যুক্ত থাকবেন।
উদ্যোগটির প্রতিষ্ঠাতা ড. মারুফ হোসেন বলেন, বৈজ্ঞানিক গবেষণার মূল ভিত্তি হলো তথ্য-প্রমাণের ওপর নির্ভর করে মানুষের জন্য কার্যকর সমাধান তৈরি করা। সেই লক্ষ্য থেকেই গ্রামীণ জনগণের দোরগোড়ায় নির্ভুল ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে উপশম প্লাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ রোগীদের অপ্রয়োজনীয় যাতায়াত, সময় ও চিকিৎসা ব্যয় কমবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নতমানের স্বাস্থ্যসেবার আওতায় আসবে। পাশাপাশি স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে ড. মারুফ হোসেনের অন্যান্য উদ্যোগও দেশের যুবসমাজ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব