নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনে ভাঙন দেখা দেয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল পৌনে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরপরই ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর ভাঙা অংশ মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়।
রেললাইন মেরামতের সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। পরে পর্যায়ক্রমে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রিপোর্টার্স২৪/রাফিদ