জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা অবমুক্ত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট মরহুমা বেগম জিয়াসহ পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দেশ গঠনে বিএনপির ভূমিকা তুলে ধরেন।
পরে ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে কালাই পৌরসভার পাঁচশিরা থেকে মোলামগাড়ী সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সড়কের পাশে কয়েকটি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ