রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের (বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট) নামে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ফান্ডের ১৭৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে চাঞ্চল্যকর এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে দেশের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার ব্যাংক হিসাব এবং এ সংক্রান্ত সার্বিক অনিয়ম অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন।
গভীর অনুসন্ধান চলাকালেই আইনের সুষ্ঠু প্রয়োগে আদালতের নির্দেশে ট্রাস্টটির সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়। অনুসন্ধানে ব্যাংকগুলোর সিএসআর ফান্ড থেকে বিপুল পরিমাণ টাকা বিধিবহির্ভূতভাবে ট্রাস্টে স্থানান্তর ও আত্মসাতের প্রাথমিক সত্যতা মেলায় দুদকের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম