রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়কের পাশ থেকে আটটি সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ইউসুফ নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের তদন্তে ঘটনার সত্যতা মিলেছে বলে জানা গেছে। এ ঘটনায় কাটা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার যশাই ইউনিয়নের রসকারের হালোট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ পাংশা উপজেলার পাড় ভেল্লা বাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
অভিযোগের বিষয়ে শিক্ষক ইউসুফ দাবি করেন, গাছগুলো তাঁর ভাই লাগিয়েছিলেন। ফসলি জমিতে গাছের ছায়া পড়ায় তিনি সেগুলো কেটে ফেলেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, কাটা গাছগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/রাফিদ