ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে।
দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য অনেক মানুষই থাইল্যান্ডের সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলেন। তবে রণতরীটির অবস্থা দেখে তারা অবাক হয়েছেন। আগের ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে। সেখানে বর্তমানে এটি বাহ্যিক অবস্থা বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রঙ ওঠে বড় আকারের মরিচা ধরেছে।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আব্রাহাম লিংকন তার বাড়ি সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৮৬ দিন ধরে সমুদ্রে আছে। এরসঙ্গে এটি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং নৌ-অবরোধে অংশ নিয়েছে। আর সমুদ্রে এত লম্বা সময় ধরে থাকায় এটির নিচের অংশে মরিচা ধরেছে এবং রণতরীর ঝকঝকে ভাবটিও চলে গেছে।
মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার, যিনি লিংকনের মতো এমন জাহাজে তিনবার সমুদ্রে অভিযানে গিয়েছিলেন, তিনি সিএনএনকে বলেছেন, একটি জাহাজ যখন সমুদ্রে ৬০ দিন বা তার বেশি নিয়োজিত থাকে তখন এটির পানির অংশে মরিচা ধরা অস্বাভাবিক কোনো কিছু নয়।
নৌবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন বলেছেন, যখন একটি যুদ্ধজাহাজ বা রণতরী যুদ্ধে মোতায়েন থাকে তখন সমুদ্রে এটির মরিচা সারা যায় না। কারণ এটি করতে হলে ক্রুদের পানির স্তর পর্যন্ত নামতে হবে। এরপর মরিচা ঘষে সেগুলো পরিষ্কার ও রঙ করতে হবে।
তিনি জানিয়েছেন, সবমিলিয়ে হয়ত এই মরিচা পরিষ্কার করতে ৩০দিন সময় লাগবে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কাজের কিছু অংশ থাইল্যান্ডেই করা হতে পারে।
সূত্র: সিএনএন
রিপোর্টার্স২৪/ঝুম