রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগে বড় অগ্রগতি হয়েছে। বহুল প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের অংশ হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সরকারের লক্ষ্য, দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা। এর ফলে আমদানিনির্ভরতার চাপ কমানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে পরিশোধিত তেলের সরবরাহ সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পকে দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধনের সুযোগ বাড়ায় বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
এক বিলিয়ন মার্কিন ডলারের মতো বড় অঙ্কের আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত হওয়ায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হলো বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম