| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৫:১৬:৩৯:অপরাহ্ন  |  ৩৫০ বার পঠিত
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোন ধরনের কাজ করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করে মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ করা বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়। অর্থাৎ, শুধু সন্তানের জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে যাওয়া ভিসার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হওয়াও অনুমোদিত নয়।

শুধু কর্মসংস্থানই নয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও ভিসার শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না। তাই এ ধরনের ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে জেনে নেওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যহীন কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

দূতাবাসের ধারাবাহিক এসব সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট ভিসার শর্ত মেনে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার এড়ানো।

মার্কিন ভিসার ধরন অনুযায়ী এর ব্যবহার ও অনুমোদিত কর্মকাণ্ডের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধিনিষেধ। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার ধরন, শর্ত ও সংশ্লিষ্ট নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪