| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে সংসদ সদস্যের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২২:৪৯:৪৩:অপরাহ্ন  |  ১৭১ বার পঠিত
ইরানে সংসদ সদস্যের কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দায়ের করা এক মামলায় কট্টরপন্থি সংসদ সদস্য হামিদ রাসায়িকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ ধর্মীয় আদালত। এই শাস্তির মধ্য দিয়ে ক্ষমতাসীন রক্ষণশীল শিবিরের ভেতরের গভীর ফাটল প্রকাশ্যে এসেছে। এর আগে দায়িত্ব পালনরত কোনো এমপির কারাবাসের নজির ইরানে দেখা যায়নি।

২০২৪ সালে রাসায়ির পরিচালনাধীন সাপ্তাহিক পত্রিকা '৯ দে'-তে গালিবাফের বিরুদ্ধে 'সংসদীয় নথি জালিয়াতি'র অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আদালত তাকে 'ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করে এভিন কারাগারের ধর্মীয় ওয়ার্ডে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে যখন নীতি নির্ধারণ নিয়ে তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই এমন পদক্ষেপ দেশটির অতি-রক্ষণশীল গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলির ঘনিষ্ঠ কট্টরপন্থি ও পায়দারি ফ্রন্টের নেতারা গালিবাফ এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই-এর বিরুদ্ধে সমালোচনায় ফেটে পড়েছেন। তাদের অভিযোগ, দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের চেয়ে ব্যক্তিগত ক্ষোভ মেটানো এবং বিরোধীদের মুখ বন্ধ করতেই স্পিকার এই মামলা টেনে নিয়ে গেছেন।

ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারপন্থি কিছু সমাবেশেও গালিবাফের বিরুদ্ধে স্লোগান উঠতে দেখা গেছে, যাকে সমালোচকরা বিরোধী পক্ষের অভ্যন্তরীণ চক্রান্ত' বলে ব্যাখ্যা করছেন।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ এই টানাপোড়েনকে ওয়াশিংটন কূটনৈতিক অচলাবস্থার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করতে চাইছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কাছে তেহরানের এই দ্বিধাবিভক্ত রূপটি নিজেদের পক্ষে যুক্তি হিসেবে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।

তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও ইরানের শীর্ষ নেতৃত্ব ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দিয়ে প্রমাণ করতে চাইছে যে তাদের মূল সিদ্ধান্ত নেওয়ার কাঠামো এখনো অটুট। গবেষকদের মতে, এই বিরোধ প্রকাশ্য কোন্দল হলেও তা রাজনৈতিক কাঠামোর চূড়ান্ত ভাঙন নয়; বরং তীব্র মতপার্থক্যের মধ্যেও ভারসাম্য বজায় রাখার এক জটিল ও বিশৃঙ্খল রাজনৈতিক প্রক্রিয়া। সূত্র: ইরান ইন্টান্যাশনাল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪