| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৬:৫৫:৩৭:অপরাহ্ন  |  ২২০৩ বার পঠিত
আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণকে বিভ্রান্ত করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা বলা হচ্ছে, অথচ তিনি দলের প্রাথমিক সদস্য মাত্র। বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, কেন প্রতিবাদ করা হলো বা তার কী অপরাধ ছিল, তা তদন্তের আগেই মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

আজহারুল ইসলামের অভিযোগ, জামায়াতের কোনো নেতা কিছু বললে তা পত্রিকায় ছাপানো হয় না। কিন্তু তার ব্যাপারে যদি এমন কোনো কথা আসে, যাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে, তাহলে তাকে নেতা বানিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, তিনি বলেন, টকশোতে যারা কথা বলেন, তারাই আবার বলেন যে জামায়াতে গেলেই নেতা হওয়া যায় না। অথচ কালকে দেখতে পেলাম আখতারুজ্জামান ভাইকে জামায়াতের নেতা বানিয়ে দেওয়া হয়েছে কারণ জনগণকে বিভ্রান্ত করা।

তিনি বলেন, উনি (আখতারুজ্জামান) জামায়াতের নেতা না। তিনি সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন। জামায়াতে প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, তারপর সদস্য এবং এরপর নেতা হওয়া যায়। আখতারুজ্জামান ‘সিম্পল’ সদস্য মাত্র।

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজহারুল ইসলাম বলেন, সমস্যা সমাধান না করে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। আইনের আশ্রয় নেওয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের পথ বেছে নেওয়া হচ্ছে, যা সরকারের জন্য সুখকর হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জেল-জুলুম দিয়ে বিরোধী দলকে দমন করা যাবে বলে যদি তারা মনে করে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আগের রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। বাদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। পরে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বেশির ভাগ গণমাধ্যমে তাকে জামায়াতের নেতা ও সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪