| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি লেকের উন্নয়নে দুই প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১২:৫০:০৪:অপরাহ্ন  |  ৮৫৮ বার পঠিত
ধানমন্ডি লেকের উন্নয়নে দুই প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে লেকের তলদেশের স্ল্যাশ উত্তোলন ও অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশা (ডিটেইল ডিজাইন) প্রস্তুত করা হয়েছে। সেই নকশা অনুযায়ী ধানমন্ডি লেকের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ এলাকায় ‘ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, উন্নয়ন প্রকল্পের আওতায় ধানমন্ডি লেকে ক্যাফে, নতুন ওয়াকওয়ে এবং নাগরিকদের অবসর ও বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হবে। একটি আধুনিক লেকে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তার সবই এখানে রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে শুধু ধানমন্ডিবাসী নয়, রাজধানীর অন্যান্য এলাকার মানুষও এখানে এসে বিনোদনের সুযোগ পাবেন।

তিনি বলেন, ধানমন্ডি লেকের উন্নয়ন ছিল তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় তিনি আনন্দিত। তবে লেকের উন্নয়নের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় নাগরিকদেরও সচেতন হতে হবে। সবাই সচেতন থাকলে লেকের সৌন্দর্য ও পরিবেশ সুন্দর রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হলেও কাজটি গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। এখন পরিকল্পনা অনুযায়ী উন্নয়নকাজ শুরু করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে লেকের তলদেশের স্ল্যাশ পরিষ্কার করা হবে। এরপর পানি পরিচ্ছন্ন করার পাশাপাশি সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিক ও সম্প্রসারণ, গাছপালার সৌন্দর্যবর্ধন এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।

শিশুদের বিনোদনের জন্য লেকে স্পিডবোটের সুযোগও রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আবদুস সালাম বলেন, লেকটি বারবার দূষিত হওয়া ঠেকাতে ধানমন্ডিবাসীর সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বর্তমানে লেকে মাছ রয়েছে এবং পানি মাছ মারা যাওয়ার মতো অতটা দূষিত নয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ধানমন্ডি লেককে কেন্দ্র করে পুরো ধানমন্ডি এলাকাকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য এলাকার রাস্তা, ফুটপাত ও লাইটিংসহ বিভিন্ন নাগরিক সুবিধার উন্নয়ন করা হবে।

পাশাপাশি ধানমন্ডিতে ‘নজরুল মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি লাইব্রেরি, ক্যাফে ও পড়াশোনার সুযোগ রাখা হবে।

তিনি বলেন, রবীন্দ্র সরোবরের মতো ধানমন্ডি লেককেও ঢাকার মানুষের জন্য একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আবদুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মঙ্গলবার থেকেই ধানমন্ডি লেকের উন্নয়নকাজ শুরু করছে। এ কাজে ধানমন্ডিবাসী, এলাকার বাসিন্দা এবং সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শুধু ধানমন্ডির বাসিন্দারাই নন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লেকে ঘুরতে আসেন। তাই সবাই যাতে সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করাই উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪