নোয়াখালী প্রতিনিধি: পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিসেবা কার্যক্রম বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে। রোববার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন।
প্রশিক্ষণে নোয়াখালীর নয়টি উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সূচকে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিসেবা কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
প্রেজেন্টেশন পর্যালোচনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি ড. জিন্নাত রেহানা। এ সময় নোয়াখালী জেলার পরিবার পরিকল্পনা ও মা-শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সেবার মান ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রটিতে প্রতি মাসে গড়ে চার শতাধিক স্বাভাবিক প্রসব বিনা মূল্যে করানো হয়। কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মুহাম্মদ জিহাদুল হকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ২০২৬ সালে বিশ্ব জনসংখ্যা দিবসে দেশসেরা হিসেবে স্বীকৃতি পায়। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
পরিদর্শনকালে ড. জিন্নাত রেহানা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে সেবার মান ও প্রাপ্ত সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। এ সময় কেন্দ্রের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে কেন্দ্রের দানবাক্সে নগদ টাকা দেন প্রধান অতিথি। এ অর্থ দিয়ে কেন্দ্রের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে তিনি কেন্দ্র প্রাঙ্গণে একটি আমলকীর চারা রোপণ করেন। একই সঙ্গে কেন্দ্রটির সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব