নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাবাসুম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রিপোর্টার্স২৪/রাফিদ