| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এল ক্ল্যাসিকো কি হবে?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৭:৪৪:৪১:অপরাহ্ন  |  ৩৮৯ বার পঠিত
এল ক্ল্যাসিকো কি হবে?

রিপোর্টার্স২৪ ডেস্ক: এল ক্ল্যাসিকোকে কেন্দ্র করে যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই কাতালুনিয়ার কেন্দ্রস্থলে আক্ষরিক অর্থেই নেমে এসেছে সহিংসতার কালোছায়া। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগের মধ্যে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বার্সেলোনার প্রাণকেন্দ্রে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে, যার জেরে দোকানপাট ভাঙচুর ও সম্পত্তি পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এবং প্রায় একশ জনকে আটক করেছে পুলিশ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্ডিয়া’ এবং দেশটির জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের চলমান শিক্ষার্থী বিক্ষোভের আদলে সোশ্যাল মিডিয়া ও অনলাইন গ্রুপগুলোর মাধ্যমে তরুণদের রাজপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বান থেকেই কাতালুনিয়া স্কোয়ার ও এর আশপাশের এলাকায় বিশাল জমায়েত সহিংসতা ও ভাঙচুরে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো কাতালান পুলিশ বাহিনীর সঙ্গে তরুণদের ওই দলগুলোর দফায় দফায় সংঘর্ষ বাধে।

হঠাৎ করে ঘটে যাওয়া এই সহিংস ঘটনাগুলো আসন্ন এল ক্ল্যাসিকোর নিরাপত্তা ব্যবস্থাকে চরম এক শঙ্কার মুখে ফেলে দিয়েছে। অবশ্য এই অস্থিরতা ছড়িয়ে পড়ার বেশ কিছুদিন আগেই ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছিল স্প্যানিশ কর্তৃপক্ষ।

গত ১৪ অক্টোবর অর্থাৎ সাম্প্রতিক এই দাঙ্গার প্রায় ১০ দিন আগে ক্রীড়াক্ষেত্রে সহিংসতা, বর্ণবাদ ও অসহিহ্নুতার বিরুদ্ধে লড়াইয়ে গঠিত স্পেনের রাষ্ট্রীয় কমিশন ম্যাচটিকে উচ্চঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ক্রীড়া দৈনিক ‘এএস’ ও ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্যমতে, এই বিশেষ শ্রেণিকরণের কারণে ম্যাচের আগে, চলাকালীন এবং ম্যাচ শেষে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদারের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল।

স্টেডিয়ামের আশপাশের এলাকা এবং সমর্থকদের জমায়েতের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কথা রয়েছে।

যদিও পুলিশ জানিয়েছে, শনিবারের এই দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে সরাসরি রিয়াল-বার্সা ম্যাচের কোনো যোগসূত্র নেই এবং দাঙ্গা শুরুর আগেই ম্যাচটিকে উচ্চঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে শহরের কেন্দ্রস্থলে এমন রক্তক্ষয়ী সহিংসতার পর ম্যাচটি সময়মতো মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত ম্যাচটি স্থগিত বা বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, বার্সেলোনার প্রাণকেন্দ্রে এমন নিরাপত্তা সংকটের কারণে এর আগেও এল ক্ল্যাসিকো স্থগিত হওয়ার নজির রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বেশ কয়েকজন নেতার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরো অঞ্চলে তীব্র বিক্ষোভ ও আন্দোলনের ঢেউ আছড়ে পড়লে ন্যু ক্যাম্পে নির্ধারিত সেই ক্লাসিকো ম্যাচটি স্থগিত করা হয়েছিল।

সে সময় ম্যাচ মাঠে গড়ানোর জন্য ভেন্যু অদলবদলের প্রস্তাব দিলেও দুই ক্লাবই তা সরাসরি প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে ১৯ ডিসেম্বর ম্যাচটি সফলভাবে অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই পুরনো শঙ্কার মেঘ জমা হয়েছে ফুটবলপ্রেমীদের মনে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪