নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১টি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি ১১।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি ১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড 3Not3 গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড, শটগানের সীসা কার্তুজ, ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
আল মাসুদ খান গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম