| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে সংযত থাকার আহ্বান পেন্টাগনের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৬:৫৯:৪২:অপরাহ্ন  |  ৯১৭ বার পঠিত
রাশিয়া ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে সংযত থাকার আহ্বান পেন্টাগনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার হুমকি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে ন্যাটোর কয়েকটি ইউরোপীয় সদস্য দেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের কিছু বক্তব্য মহাদেশটির নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাতে শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলোর মধ্যে তিনজন ইউরোপীয় কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তা রয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, যেসব দেশকে এ ধরনের বার্তা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। দ্বিপক্ষীয় বৈঠকে এসব আহ্বান জানানো হয়েছে। তবে ইউরোপের অন্য সরকারগুলোকেও একই বার্তা দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগের মধ্যেই পেন্টাগন এ বার্তা দিলো। যুদ্ধের পঞ্চম বছরে গড়ানোর প্রেক্ষাপটে ওয়াশিংটন রাশিয়াকে নিষেধাজ্ঞা শিথিলের মতো প্রণোদনা দেওয়ার পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের জন্য কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্য জানতে চাইলে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘মিত্রদের মধ্যে ব্যক্তিগত আলোচনা ব্যক্তিগতই থাকে। তাই এসব অভিযোগ নিয়ে আমরা মন্তব্য করব না।’

সূত্রগুলোর একজন জানান, ইউরোপীয় নেতাদের এমন কিছু বক্তব্য মার্কিন কর্মকর্তাদের নজরে এসেছে, যেখানে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা মন্থর হয়ে পড়ায় মস্কো কোণঠাসা এবং ক্রমেই মরিয়া পদক্ষেপ নিচ্ছে।

পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কলবি ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি পর্যালোচনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সূত্রগুলোর দাবি, ইউরোপীয় কর্মকর্তাদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনিও ছিলেন। তবে এ বিষয়ে আর কারা জড়িত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আহ্বানটি কোনো বৈরী বা সংঘাতপূর্ণ ভঙ্গিতে জানানো হয়নি।

রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে প্রকাশ্যে কীভাবে বক্তব্য দেওয়া উচিত, তা নিয়ে ন্যাটোর ভেতরে মতপার্থক্য রয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের একাংশ মনে করেন, মস্কোর হুমকি নিয়ে অতিরিক্ত আলোচনা করলে তা ক্রেমলিনের স্বার্থে যেতে পারে। তাদের আশঙ্কা, রাশিয়া এ ধরনের বক্তব্য ব্যবহার করে ইউরোপে আতঙ্ক ছড়াতে এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে পারে।

অন্যদিকে, ইউরোপের কিছু কর্মকর্তা মনে করেন, রাশিয়ার হুমকি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া জরুরি। এতে মস্কোকে ঠেকাতে প্রয়োজনীয় ত্যাগ ও সম্পদ বরাদ্দের যৌক্তিকতা ভোটারদের কাছে তুলে ধরা সম্ভব হবে। বিশেষ করে ইউরোপজুড়ে রাশিয়ার গোপন নাশকতামূলক তৎপরতা বাড়ছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগের মধ্যে এ যুক্তি সামনে এসেছে। তবে রাশিয়া এ ধরনের নাশকতামূলক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের এক সূত্রের দাবি, সম্প্রতি বাল্টিক অঞ্চলের এক কর্মকর্তার সঙ্গে বৈঠকে কলবি রাশিয়াকে খোঁচা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। ইউরোপীয় নেতাদের রাশিয়াকে ‘ইঁদুরের মতো কোণঠাসা’ বলে মন্তব্য করার বিষয়টিকে তিনি অনুপযোগী বক্তব্যের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

কলবি ঠিক কোন বক্তব্যের কথা বলেছিলেন, তা স্পষ্ট নয়। তবে গত সেপ্টেম্বরের শেষ দিকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কোণঠাসা ইঁদুর’ বলে উল্লেখ করেছিলেন। তার বক্তব্য ছিল, ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় পুতিন ইউরোপে নাশকতামূলক তৎপরতার আশ্রয় নিচ্ছেন।

পেন্টাগনের সাম্প্রতিক ব্যক্তিগত বার্তার বিষয়ে এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, ‘আমরা আপনাদের সহায়তা করছি। আমেরিকানরা পাশে আছে। শুধু বেশি সরব হবেন না, বেশি শোরগোল করবেন না।’

ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়ন করছে পেন্টাগন। এ পর্যালোচনার ফলে মহাদেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইউরোপীয় ন্যাটো সদস্যদের নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি নিতে হবে। কারণ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে বেশি মনোযোগ দিতে হচ্ছে।

সূত্র : রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪