| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসির ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫-এ ছেলেদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৫:২০:৫২:অপরাহ্ন  |  ৯৬৮ বার পঠিত
এইচএসসির ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫-এ ছেলেদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাতেও মেয়েদের আধিপত্য রয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।

ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। সামগ্রিকভাবে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

তবে জিপিএ-৫ অর্জনের চিত্রে দেখা গেছে ভিন্ন হিসাব। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ জিপিএ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছেন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। শতাংশের হিসাবে এ সংখ্যা প্রায় ৪২ শতাংশ কম।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বোর্ডভিত্তিক জিপিএ-৫-এর পরিসংখ্যানেও রয়েছে নানা চিত্র। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ অর্জনে ছাত্ররা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন। এ বোর্ডেও জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এ বোর্ডে মোট ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র মাত্র ১৮০ জন, আর ছাত্রী ৭০৬ জন। অর্থাৎ কারিগরি শিক্ষায় জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীদের বড় ব্যবধানে এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে বিভিন্ন কারণে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

যেভাবে ফলাফল জানা যাবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪