রিপোর্টার্স২৪ ডেস্ক: সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও এইচএসসি পরীক্ষার ফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। ফলে একজন অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছেন। অন্যদিকে ৫৬১ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ১৮০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এ শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। মানবিক বিভাগে ৩১১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৯৮ জন শিক্ষার্থী।
এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন বলেন, তিনি কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন। শিক্ষক ও অভিভাবকরা নিয়মিত মনিটরিং করেছেন এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও সার্বক্ষণিক তত্ত্বাবধানের কারণেই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করেছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে পরিশ্রম করেছেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের সাফল্য থেকে বঞ্চিত হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা এ সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। ২০০৮ সালে প্রথমবারের ফলাফলে পাসের হার ছিল ৯৯ শতাংশ। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান লাভ করে।
এরপর ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি। ২০১৫ সাল থেকে শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ বন্ধ করলেও নিজেদের ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি বছরই ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের সাফল্যের অবস্থান ধরে রাখার দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
এবারও ৯৯ দশমিক ৯৪ শতাংশ পাসের হার এবং ৫৬১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল নরসিংদীর এই শিক্ষাপ্রতিষ্ঠান।
রিপোর্টার্স২৪/ঝুম