রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার বাইরে গিয়ে কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে কারখানার উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তৈরি পোশাক কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কোনো ধরনের কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত খুলে দিয়ে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের কিছু কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার সবকিছুই গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। কোনো কোনো মহল রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কারখানার উৎপাদন বন্ধ রাখার জন্য শ্রমিকদের উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরাও এতে সন্তুষ্ট হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।
মজুরি বোর্ডের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত মজুরি বোর্ডের মাধ্যমেই নেওয়া হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা যখন চলছে, তখন নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধ করার চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে দেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করার এমন অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া এবং কারখানার উৎপাদন বন্ধ থাকার ঘটনাও ঘটেছে। এতে পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম