কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং কৃষকের ৪০ শতাংশ জমির পাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় রাসেলসহ নয়জনের বিরুদ্ধে কালাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক মো. রফিকুল ইসলাম (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে কালাই থানার কাথাইল মৌজায় তাঁর ভোগদখলীয় ৪০ শতাংশ জমির পাকা আমন ধান কেটে জমিতে ফেলে রাখার অভিযোগ করেন তিনি। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। রফিকুল ইসলামের অভিযোগ, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা তাঁর জমির পাকা ধান কেটে জমিতে ফেলে রাখেন। পরে আজ ৩ নভেম্বর সকালে কেটে রাখা ধানগুলোও অভিযুক্তরা নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, গত ১ নভেম্বর একই জমি নিয়ে বিরোধের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে স্ত্রী পরিবানু বেগম (৫০) ও মেয়ে শিল্পী আক্তারকে (৩০) সঙ্গে নিয়ে কালাই সদরে যাওয়ার উদ্দেশ্যে কাথাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশে অটোভ্যানের অপেক্ষায় ছিলেন রফিকুল ইসলাম। এ সময় অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের পথরোধ করে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়।
এতে রফিকুল ইসলামের ডান হাত, তাঁর স্ত্রীর ডান কাঁধ এবং মেয়ের ডান বাহুতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টানাহেঁচড়া এবং পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে৷ মারধরের একপর্যায়ে রফিকুল ইসলামের মেয়ে শিল্পী আক্তারের গলায় থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি জমি-সংক্রান্ত বিরোধ হওয়ায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম