| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:৫১:০৯:পূর্বাহ্ন  |  ২৯৪ বার পঠিত
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

আমন্ত্রিত অতিথিদের আটার ডাল ও ভাত খাওয়ানো হয়। খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশুসহ আট সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

​কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার ডাল তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

​স্থানীয় বাসিন্দা আ. রহিম বলেন, ‘‘এ এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়নি এমন পরিবার খুব কমই আছে। অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’’

​সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪