ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৯১০ টাকাসহ মোঃ সুমন মন্ডল (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভগবানপুর গ্রামে তার বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ দশমিক ৯ গ্রাম) এবং নগদ ২০ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন মন্ডল ভগবানপুর গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই আবুল বাশার কাজী।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব