রিপোর্টার্স২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের শ্রেণিকক্ষগুলোকে ধীরে ধীরে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন প্রজন্ম গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার প্রচলিত পদ্ধতিকে নতুনভাবে সাজাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই দেশের শ্রেণিকক্ষগুলোতে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।
অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন শিক্ষা খাতের উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ-বিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ মানবসম্পদ রয়েছে। তবে এই সম্পদ এখনো অনেকাংশে অদৃশ্য বা অস্পর্শনীয় অবস্থায় রয়েছে। যথাযথ শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। তরুণদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। তাই শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে সবাইকে আন্তরিক এবং মনোযোগী হতে হবে।
শিক্ষামন্ত্রীর মতে, দেশের তরুণ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে পারলে তার সুফল জাতীয় উন্নয়নেও প্রতিফলিত হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম