| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়, গোপালগঞ্জে আইজিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২০:০৯:১৮:অপরাহ্ন  |  ৫৫৩২ বার পঠিত
আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়, গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জ প্রতিনিধি: সহিংস ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরে এসে পৌঁছান পুলিশ, বিজিবি ও এসআরবি প্রধান।

পরে সার্কিট হাউজে তারা বৈঠক করেন। এ সময় সার্কিট হাউজের সামনে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান করেন।

পুলিশ, বিজিবি এবং এসআরবি প্রধান জেলা শহরের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় সভা করেন। এতে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন। তারা গোপালগঞ্জ ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আশা করি আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে।

যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।

অশান্তি সৃষ্টিকারীদের সতর্ক করে পুলিশের মহাপরিদর্শক বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।

থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।

আইজিপি আরও বলেন, আপনারা যদি মনে করেন এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪