| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা প্রশাসকের উদ্যোগে আধুনিক রূপ পেল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২১:০৯:২৫:অপরাহ্ন  |  ৪৪২৫ বার পঠিত
জেলা প্রশাসকের উদ্যোগে আধুনিক রূপ পেল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে আধুনিক রূপ পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। মাঠ ও পিচ সংস্কার, গ্যালারি ও প্যাভিলিয়নের উন্নয়ন, আধুনিক প্রেস বক্স স্থাপনসহ খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ ও তত্ত্বাবধানে কয়েক মাসের মধ্যে এসব সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সংস্কার করা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্টেডিয়াম শুধু ইট-পাথরের অবকাঠামো নয়; এটি আবেগ, উচ্ছ্বাস ও স্বপ্ন তৈরির জায়গা। খেলাধুলার মাধ্যমে তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে ওঠে। জয় উদ্‌যাপনের পাশাপাশি পরাজয় মেনে নেওয়ার শিক্ষাও দেয় ক্রীড়া প্রতিযোগিতা।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সবার। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জেলার সব তরুণ-তরুণী এখানে খেলাধুলা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে। ভবিষ্যতে এ মাঠ থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সংস্কারকাজের আওতায় স্টেডিয়ামের মাঠ ও পিচ উন্নয়ন, গ্যালারিতে রং করা এবং প্যাভিলিয়নে পাঁচ শতাধিক নতুন আসন স্থাপন করা হয়েছে। দ্বিতীয় তলার অফিসকক্ষ, সম্মেলনকক্ষ, ভিআইপি গ্যালারি ও প্রেস বক্স আধুনিকায়ন করা হয়েছে।

এ ছাড়া স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণ, খেলোয়াড়দের জন্য সাতটি প্রস্রাবাগার স্থাপন, পার্কিং এলাকায় টাইলস বসানো এবং কম্পিউটারভিত্তিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়ামের সংস্কারকাজও শুরু হয়েছে।

প্রায় ৭৫ বছরের পুরোনো স্টেডিয়ামটির ঐতিহ্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বন্দরনগরী। এ শহরের স্টেডিয়াম আধুনিক ও মানসম্মত হওয়া সময়ের দাবি। প্রাইম মিনিস্টারস গোল্ড কাপ উদ্বোধনের উদ্যোগ নেওয়ার পর স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ শুরু হয়।

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে উন্নত ক্রীড়া অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে খেলোয়াড়েরা নিজেদের সুযোগ-সুবিধার সঙ্গে অন্য দেশের ক্রীড়া অবকাঠামোর তুলনা করেন। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেডিয়াম ও প্রশিক্ষণের পরিবেশ উন্নত করতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন সংস্কারকাজে জেলা প্রশাসকের উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে যেসব উন্নয়নকাজ হয়েছে, তা বিগত বহু বছরেও সম্ভব হয়নি। ২০০৩ সাল থেকে স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এত ব্যাপক উন্নয়নকাজ আগে দেখেননি বলে জানান তিনি।

সদস্যসচিব বলেন, স্টেডিয়াম কমপ্লেক্সের একটি অংশে প্রায় ১২ বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। প্যাভিলিয়নে নতুন আসন, আধুনিক ভিআইপি গ্যালারি ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রেস বক্স স্থাপন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন অসম্পূর্ণ থাকা সীমানাপ্রাচীরের কাজও সম্পন্ন হয়েছে, যা স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা জিম সেন্টারের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ করে এটি উদ্বোধনের আশা রয়েছে। পাশাপাশি টেনিস কোর্ট পুনরায় চালু, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ক্যানটিন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের সাশ্রয়ী মূল্যে খাবারের সুযোগ নিশ্চিত করতে ক্যানটিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসক শুধু উন্নয়নকাজের নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি; নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন।

তিনি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরীফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সংস্কার করা স্টেডিয়াম ও জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪