| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবিশ্বাস্যভাবে পাল্টে গেল স্বর্ণের বাজার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৯:৪০:১১:অপরাহ্ন  |  ৯৬৮৩ বার পঠিত
অবিশ্বাস্যভাবে পাল্টে গেল স্বর্ণের বাজার

স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিয়ে, বিবাহবার্ষিকী, উপহার ও উৎসব উপলক্ষে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করেও উচ্চ দামের কারণে যারা পিছিয়ে গিয়েছিলেন, তারা আবার কেনাকাটায় ফিরছেন।

রোববার (২২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দুবাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৪২৬ দশমিক ৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৩৯৫ দিরহাম। গত এক মাসে প্রতি গ্রামে স্বর্ণের দাম কমেছে ৫৯ দশমিক ২৫ দিরহাম। চলতি বছর এখন পর্যন্ত কমেছে ৯৩ দিরহামের বেশি।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম কমেছে।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কমায় ক্রেতারা পুরোনো পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী হচ্ছেন। কেউ বিয়ের গয়না কিনছেন, কেউ আবার স্বর্ণকে বিনিয়োগ হিসেবে দেখছেন। পাশাপাশি পুরোনো স্বর্ণ বদলে নতুন গয়না কেনা এবং আগাম দাম নির্ধারণ করে রাখার প্রবণতাও বাড়ছে।

জুয়েলারি ব্যবসায়ী জন পল আলুক্কাস জানান, অনেক ক্রেতা আগে থেকেই পছন্দ করে রাখা গয়না কিনছেন। আবার কেউ বিয়ে ও উৎসবের জন্য আগাম কেনাকাটা করছেন।

তবে সবাই এখনই কেনাকাটায় ঝুঁকছেন না। আরও দাম কমার আশায় কিছু ক্রেতা অপেক্ষা করছেন। ব্যবসায়ীদের মতে, স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত থাকায় ক্রেতাদের মধ্যে সতর্কতাও রয়েছে। এটি যেন পাল্টে যাওয়া এক বাজার।

প্রসঙ্গত, দেশের বাজারে টানা ৯ দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ গতকাল শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এ নিয়ে ৩৪ হাজার ৬৯০ টাকা কমে দুই লাখ টাকার নিচে নেমেছে স্বর্ণের ভরি। এর আগে গত শুক্রবার সোনার দামে বড় পতন হয়। এদিন ভরিতে কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা।

জানা গেছে, নতুন করে দাম সমন্বয়ের ফলে বর্তমানে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা।

এর আগের দিন ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪