| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের আগমনী বার্তায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত টাঙ্গাইলের গাছিরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৭:৩৫:১৫:অপরাহ্ন  |  ৮৯০ বার পঠিত
শীতের আগমনী বার্তায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত টাঙ্গাইলের গাছিরা

টাঙ্গাইল প্রতিনিধি: শীতের হিমেল হাওয়া বইতে শুরু করতেই গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন টাঙ্গাইলের গাছিরা। কেউ খেজুরগাছের ডালপালা পরিষ্কার করছেন, কেউ গাছের মাথা প্রস্তুত করছেন, আবার কেউ রস সংগ্রহের জন্য গাছে বাঁধছেন মাটির হাঁড়ি। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গাছিদের কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পাচ্ছে গ্রামীণ জনপদ।

সন্ধ্যায় খেজুরগাছে হাঁড়ি বাঁধার পর রাতভর ফোঁটায় ফোঁটায় জমা হয় মিষ্টি রস। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় টাটকা রস। পরে সেই রস জ্বাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। শীতের মৌসুমে এসব পণ্য বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয় গাছি পরিবারগুলোর।

সরেজমিনে টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় দেখা যায়, শীত মৌসুমকে সামনে রেখে আগেভাগেই খেজুরগাছ প্রস্তুত করছেন গাছিরা। রহমত আলী নামে এক গাছি কোমরে খাঁচা বেঁধে তাতে দা ও দড়ি নিয়ে গাছ পরিষ্কারের কাজে ব্যস্ত। অনেকেই নিজের গাছের পাশাপাশি অন্যের খেজুরগাছও চুক্তিভিত্তিক নিয়ে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের কাছে খেজুরের রস কেবল মৌসুমি পানীয় নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে টাটকা রস পান কিংবা সেই রস দিয়ে তৈরি খাঁটি গুড় ও পাটালির স্বাদ নিতে অপেক্ষায় থাকেন অনেকেই।

গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, রস সংগ্রহের জন্য প্রথমে খেজুরগাছের শুকনো ডালপালা ও অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয়। এরপর নির্দিষ্ট অংশ ছেঁটে রস নামানোর উপযোগী করা হয়। কয়েক দিন পর সেখানে নল ও মাটির হাঁড়ি বসানো হয়। তবে সময়ের সঙ্গে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়া, দক্ষ গাছির সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ পেশায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। ফলে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী রস সংগ্রহের সংস্কৃতি।

খেজুরগাছি রহমত আলী জানান, বংশপরম্পরায় তারা খেজুরের রস সংগ্রহের কাজ করে আসছেন। শীত মৌসুমে রস সংগ্রহ করে বিক্রির পাশাপাশি গুড় তৈরির প্রস্তুতিও নিচ্ছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে গাছে রসের প্রবাহ বাড়বে বলে আশা করছেন তিনি।

গাছিদের প্রত্যাশা, শীতের তীব্রতা বাড়লে প্রতিদিন ভোরে গ্রামীণ হাটবাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস। পাশাপাশি শুরু হবে খাঁটি গুড় ও পাটালি তৈরির কর্মযজ্ঞ।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, জেলার ১২টি উপজেলাতেই কমবেশি খেজুরগাছ রয়েছে। তবে বাসাইল ও সখিপুর উপজেলায় খেজুরগাছের সংখ্যা তুলনামূলক বেশি। স্থানীয় কৃষকেরা চাহিদামতো গাছি না পাওয়ায় অনেক ক্ষেত্রে খেজুরগাছের যথাযথ পরিচর্যা করেন না। এ সমস্যা সমাধানে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নতুন কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও জানান, শীত মৌসুমে উত্তরবঙ্গ থেকে গাছিরা টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এসে চুক্তিভিত্তিক খেজুরগাছ নিয়ে রস সংগ্রহ করেন। পরে সেই রস দিয়ে ছোট ছোট পাটালি ও খেজুরের হাজারি গুড় তৈরি করেন। এতে একদিকে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে স্থানীয় ভোক্তারাও খাঁটি খেজুরের গুড়ের স্বাদ পাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, গাছিদের উৎসাহ প্রদান এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহ নিশ্চিত করা জরুরি। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বেঁচে থাকবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের সংস্কৃতি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪