রিপোর্টার্স২৪ ডেস্ক: গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, গঙ্গা চুক্তি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এই চুক্তি নিয়ে ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের চিঠির জবাব দেবে বলে আশা করছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নতুন করে নবায়ন করা হবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো চুক্তি করা হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই অব্যাহত রাখতে চায়। এ জন্য চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে চুক্তি রয়েছে, সেটা আমরা কন্টিনিউ করতে চাইছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবেশী। ভারত এবং বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তিটা কত গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই ভারত ভালোভাবেই জানে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করছে ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পাঠানো চিঠির জবাব দেবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে অপ্রয়োজনীয় দরকষাকষির প্রয়োজন নেই। বরং আলোচনার টেবিলে বসে পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে বিষয়টির সমাধান করা সম্ভব।
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা কবে শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে আগে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে। এখনো আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। আলোচনায় বসার পরই নির্ধারণ করা যাবে, বিদ্যমান চুক্তি নবায়ন হবে নাকি নতুন কোনো চুক্তির প্রয়োজন রয়েছে।
তবে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সরকার আগের চুক্তিটিই নবায়ন করতে চায়। নতুন করে চুক্তি করার বিষয়ে এখনো আলোচনার প্রয়োজনীয়তা তৈরি হয়নি বলে মনে করছে বাংলাদেশ।
চলতি বছরের মধ্যেই গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের বৈঠক হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানরা বসবেন এবং যথাসময়ে সব সমস্যার সমাধান হবে। এ বিষয়ে সরকার কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে চায়।
এদিকে গঙ্গা চুক্তির পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যদের ফিরিয়ে আনতে বাংলাদেশ কয়েক দফা চিঠি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, কোনো অগ্রগতি নেই। প্রক্রিয়াটা শুনেন, এটা করতে হয় বন্দি বিনিময় যে চুক্তির মাধ্যমে; একটা ব্যুরোক্রেটিক প্রসেস ফলো করে করতে হয়। লিগ্যাল প্রসেস ফলো করে সম্পন্ন হতে সময় লাগে, এটা আমরা স্বীকার করি।
তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এ প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশ আশা করছে, ভারত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, হাদি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে এনে দেশের মাটিতেই বিচারের মুখোমুখি করতে চায় সরকার। এ ছাড়া ভারতে পালিয়ে থাকা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
তিনি বলেন, আমরা চাই হাদির হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে হোক। তাদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং যারা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত আসামি, যারা পালিয়ে আছে ওখানে, তাদেরকে ফেরত আনার দরকার।
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, ভারত প্রত্যর্পণ প্রক্রিয়াটি আরও এগিয়ে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করবে। দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এসব বিষয়ে সমাধানে পৌঁছাতে চায় বাংলাদেশ।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং ভারতে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যর্পণ। দুটি বিষয়েই ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে অগ্রগতি অর্জনে দুই দেশের মধ্যে আলোচনার বিকল্প নেই।
রিপোর্টার্স২৪/ঝুম