বগুড়া প্রতিনিধি :
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রাজশাহী বিভাগীয় পদ্মা অঞ্চলে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া কাবাডি দল।
বৃহস্পতিবার রাতে বগুড়া এপিবিএন কাবাডি গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারী বিভাগে বগুড়া দল ৪০-১৮ পয়েন্টে পাবনাকে পরাজিত করে শিরোপা জয় করে।
অন্যদিকে পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে হারায় রাজশাহী দলকে।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস. এম. নেওয়াজ সোহাগ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মুঘল, হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিল রহমান জামিল।
এবারের চ্যাম্পিয়নশিপে রাজশাহী বিভাগের ৮টি জেলার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করে।
.
রিপোর্টার্স২৪/এস