বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ২০১৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান।
বিয়ের দুই বছর পর থেকেই তাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। এরপর শাকিব খান একাধিক সাক্ষাৎকারে জানান, বুবলীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। তবে সন্তানের মা হিসেবে যোগাযোগ রয়েছে। এর বেশি কিছু নয়।
অন্যদিকে বুবলী দাবি করেন, শাকিব খান তার সন্তানের বাবা ও বর্তমান স্বামী। তাদের মাঝে মনমালিন্য রয়েছে, তবে বিচ্ছেদ হয়নি।
এসবের মাঝেই সম্প্রতি আমেরিকায় যান শাকিব। তার সঙ্গে রয়েছে বুবলী ও শেহজাদ খান বীর। সেখানে গিয়ে নিউইয়র্কে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।
রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে লেখেন লাইফ ইন ইউএসএ। যেখানে দেখা যাচ্ছে, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর।
উল্লেখ্য, এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। ওই সময় তার সঙ্গে চিত্রনায়িকা অপুও ছিলেন।