রিপোর্টার্স২৪ ডেস্ক :
বলিউডে যেখানে খ্যাতি ও সম্পদের মূল সূত্র ধরা হয় একের পর এক ব্লকবাস্টার সিনেমা, আর সেখানেই কিনা ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন অভিনেতা অভয় দেওল। ক্যারিয়ারে ১৪টির অধিক ছবি বক্স অফিসে ফ্লপ করলেও আজ তিনি শুধু দেওল পরিবারেই নয়, বলিউডের অনেক সফল তারকার চেয়েও বেশি সম্পদের মালিক।
লাইফস্টাইল এশিয়া ও মিডিয়ামের তথ্য অনুযায়ী- অভয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫০ কোটি টাকার সমান।
অভিনয়ে নয়, বিনিয়োগেই ভাগ্যবদল
২০০৫ সালে ইমতিয়াজ আলীর সোচা না থা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় অভয়ের। এরপর দেব ডি, ওয়ে লাকি! লাকি ওয়ে! ও জিন্দেগি না মিলেগি দোবারা-র মতো কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করলেও, বক্স অফিসের বিচারে তাকে মূলত ফ্লপ তারকাই ধরা হয়। তবুও নিজের অভিনয়শৈলী ও পছন্দের কারণে তিনি গড়েছেন আলাদা একটি পরিচিতি।
অভিনয়জীবনে অভয় সবসময়ই প্রচলিত ধারার বাইরে ছিলেন। তবে তার প্রকৃত সাফল্য লুকিয়ে বিনিয়োগ ও উদ্যোক্তা পরিচয়ে। তিনি প্রতিষ্ঠা করেন জনপ্রিয় রেস্তোরাঁ চেইন দ্য ফ্যাটি কাউ, পাশাপাশি রয়েছে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফরবিডেন ফিল্মস।
এছাড়াও মুম্বাই, পাঞ্জাব ও গোয়াতে রয়েছে তার একাধিক মূল্যবান সম্পত্তি। মুম্বাইতে এক বাড়ির জন্য তিনি খরচ করেন ২৭ কোটি রুপি, যার বর্তমান মূল্য আরও অনেক বেশি।
পারিশ্রমিকে সেরা নন, তবুও সম্পদে শীর্ষে
অভিনয়ে বর্তমানে তার বার্ষিক আয় প্রায় ১০ কোটি রুপি, যার বড় অংশ আসে ওটিটি প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং প্রজেক্ট থেকে। ২০২৩ সালে নেটফ্লিক্সের প্রশংসিত মিনি সিরিজ ট্রায়াল বাই ফায়ার-এ রসিকা দেশপাণ্ডের সঙ্গে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়।
অবাক করা ব্যাপার হলো, অভয়ের সম্পদের পরিমাণ সানি দেওলের (প্রায় ১২০ কোটি রুপি) প্রায় তিনগুণ ও ববি দেওলের (প্রায় ৭০ কোটি রুপি) ছয় গুণেরও বেশি। অথচ সানি গদার ২ এবং ববি অ্যানিম্যাল-এর মতো সুপারহিট সিনেমা দিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন।
খ্যাতির পেছনে নয়, শিল্পের খোঁজে
খ্যাতির চেয়ে অভয় সবসময়ই গুরুত্ব দিয়েছেন নিজের শিল্পসত্তাকে। ২০২২ সালে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খ্যাতি নিয়ে আমি কখনোই ভাবিনি। কারণ, টাকা সুখ দেয় না। সন্তুষ্টি আসে, যখন আপনি নিজের মতো থাকতে পারেন, ইচ্ছেমতো কাজ করতে পারেন।
দুই দশকের ক্যারিয়ারে অভয় দেওল নিজেকে প্রমাণ করেছেন একজন ভিন্নধারার অভিনেতা ও সফল উদ্যোক্তা হিসেবে। বলিউডে যেখানে তারকার পরিচয় তৈরি হয় হিট ছবির মাধ্যমে, সেখানে অভয়ের গল্প এক ব্যতিক্রমী প্রেরণা। সূত্র: হিন্দুস্তান টাইমস
রিপোর্টার্স২৪/ঝুম