রিপোর্টার্স২৪ ডেস্ক :
অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নীরবতা। প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বসুন্দরীদের মহামঞ্চে। আলো-ঝলমলে এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয়; বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায়।
জানা যায়, ২৭ বছর বয়সী এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মডেল একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত। উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহী। খবর: সিয়াসাত ডটকম
রিপোর্টার্স২৪/ঝুম