| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:২৫:৩৭:পূর্বাহ্ন  |  ২৫৯৩২৩৭ বার পঠিত
রাকসু নির্বাচনে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : মাথায় মুকুট ও নবাবি পোশাক পরে অভিনব ভঙ্গিতে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আল কাফী। তিনি ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের হয়ে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারে নেমেছেন তরুণ এই ছাত্রনেতা। আজ সোমবার ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তিনি প্রচার চালিয়েছেন।

আবদুল্লাহ আল কাফী বলেন, ‘নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষা করতে কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর ব্রিটিশদের দ্বারা আমাদের ওপর অত্যাচার-নির্যাতন-জুলুমের ইতিহাস সবারই জানা। আমি শুধু নির্বাচনী প্রচারণার দৃষ্টি আকর্ষণ করতে আসছি এমন নয়; বরং প্রতিবাদের জায়গা থেকে এসেছি।’

‘সংস্কৃতি শুধুই প্রমোদের জন্য নয়। সমাজের দর্পণ হলো সংস্কৃতি। আমাদের সংস্কৃতির ওপর কেউ কেউ একধরনের আধিপত্য করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি সমাজের অসংগতি তুলে ধরে এবং ভবিষ্যতে আমাদের সংস্কৃতিতে কী হতে যাচ্ছে, তা আমাদের ভোটারদের কাছে সচেতন করতে আসছি।’

আবদুল্লাহ আল কাফী আরও বলেন, বর্তমানে সংস্কৃতির ওপর আবারও কোনো লর্ড ক্লাইভের আক্রমণ নেমে এসেছে। সেই প্রতিরোধের প্রতীক হিসেবেই ভোটারদের কাছে এসেছেন। যেন পলাশীর যুদ্ধে নবাব হেরে গেলেও এ নির্বাচনে তাঁকে যেন তাঁরা হারতে না দেন। নির্বাচিত হতে পারলে তিনি ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা আবারও জোরদার করতে চান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪