| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট গ্রহণ শুরু রাকসুতে, শুরুর আগেই স্বতন্ত্র ভিপি প্রার্থীর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৩:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১১৮২৬৩২ বার পঠিত
ভোট গ্রহণ শুরু রাকসুতে, শুরুর আগেই স্বতন্ত্র ভিপি প্রার্থীর অভিযোগ
ছবির ক্যাপশন: সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাসপ্রকাশ করেছেন তাঁরা।

সকাল ৮টা ৫০ মিনিটে ভোটকেন্দ্র জাবির ইবনে হাইয়ান প্রশাসনিক ভবনের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া। তিনি  বলেন, ‘এটাই আমার জীবনের প্রথম ভোট। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছি, খুবই ভালো লাগছে।’

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল তালুকদার বলেন, দীর্ঘ ৩৫ বছর ভোট হচ্ছে। আমার জীবনের এটিই প্রথম ভোট। এখনও শিক্ষার্থীরা তেমন আসেনি। আশা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে।

জাবির ইবনে হাইয়ান ভবনের ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, নয়টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ মিনিট পর ভোট শুরু হচ্ছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হবে।

এদিকে ভোট গ্রহণ শুরুর আগে সকাল সাড়ে আটটার দিকে জুবেরী ভবন কেন্দ্রের সামনে এসে পুলিশ ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল্লাহ আল ফাহাদ। জানতে চাইলে তিনি বলেন, 'জুবেরী ভবনে স্থাপিত দুটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে শুধু কমিউনিটি পুলিশকে দায়িত্বে রাখা হয়েছে৷ বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য স্বেচ্ছাসেবক সংগঠনের কাউকে জুবেরী ভবন কেন্দ্রে রাখা হয়নি। কমিউনিটি পুলিশ সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফেরদৌস ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে শহীদ শামসুজ্জোহা হল সংসদে সদস্য পদে নির্বাচন করছেন। ফলে শুধু কমিউনিটি পুলিশের সদস্যরা এই কেন্দ্রে দায়িত্ব পালন করলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। আমরা চাই, এখানে মিশ্র স্বেচ্ছাসেবক দেওয়া হোক। অর্থাৎ, বিএনসিসি, রোভার স্কাউট থেকেও স্বেচ্ছাসেবক রাখা হোক। এ বিষয়টিই জানাতে এসেছি।'

পরে সকাল পৌনে নয়টার দিকে জুবেরী ভবনে স্থাপিত শাহমখদুম হল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ সরওয়ার জাহান ফটকে এলে তাঁর কাছে বিষয়টি তুলে ধরেন আবদুল্লাহ আল ফাহাদ। কিছুক্ষণ কথা বলার পর প্রিসাইডিং কর্মকর্তা এই প্রার্থীকে বলেন, 'আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, তাঁদের কেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে থাকতে হবে। কেন্দ্রের সীমানার মধ্যে সাংবাদিক, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা ছাড়া অন্য কেউ নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে পারবেন না।' প্রিসাইডিং কর্মকর্তার কথায় আশ্বস্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী ফাহাদ চলে যান।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪